জীবন ও মৃত্যু: একে অপরের প্রতিবিম্ব
জীবন—একটি শুরু, যেখানে আশা, স্বপ্ন ও সম্ভাবনার বীজ বপন করা হয়। মৃত্যু—একটি শেষ, আবার কোনো কোনো দৃষ্টিভঙ্গিতে এটি নতুন জীবনের শুরু। জীবন ও মৃত্যু যেন একই নদীর দুই তীর। তারা পরস্পরকে আলাদা করেও একে অপরের অস্তিত্বের প্রয়োজনীয়তা তৈরি করে। আমরা জীবনকে বুঝি মৃত্যু চিনে, আবার মৃত্যুকে বুঝি জীবনকে উপলব্ধি করে।
প্রতিটি জীবনের শুরু হয় একটি কান্না দিয়ে, আর তার শেষ হয় নীরবতা দিয়ে। জীবনের প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর দিকে এক ধাবমান যাত্রা। কিন্তু এই মৃত্যু কি শুধুই এক ভয়ংকর সমাপ্তি, না কি এটি কোনো মুক্তি, পুনর্জন্ম বা স্রষ্টার সাথে মিলনের দ্বার?
ইসলামী দৃষ্টিভঙ্গিতে, জীবন হলো পরীক্ষা, আর মৃত্যু সেই পরীক্ষার পরিণতির শুরু। কুরআনে বলা হয়েছে: "প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।" (সূরা আলে ইমরান: ১৮৫)। এই আয়াত শুধু মৃত্যুর অনিবার্যতাই বলে না, এটি আমাদের স্মরণ করিয়ে দেয়, যে জীবন আজ আমাদের হাতে আছে, তা মূল্যবান এবং সীমিত।
মৃত্যু যদি নিশ্চিত হয়, তবে জীবনের কী উদ্দেশ্য? উত্তর হয়তো এই যে, মৃত্যু আমাদেরকে দায়িত্বশীলভাবে বাঁচতে শেখায়। এটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, সময় অপচয় করা মানেই জীবন হারানো।
দার্শনিক দৃষ্টিতে দেখা যায়, মৃত্যু না থাকলে জীবন অর্থহীন হয়ে যেত। ভাবুন তো, আপনি যদি জানতেন যে আপনি কখনোই মরবেন না, তবে আপনি কি সত্যিই প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করতেন? না। মানুষের অস্তিত্বে সীমাবদ্ধতা থাকা—এই মৃত্যুংভীতি—তাকে জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায়।
জীবনের আনন্দ, দুঃখ, ভালোবাসা, বিচ্ছেদ সব কিছুই গভীর অর্থ পায় মৃত্যুর প্রেক্ষাপটে। আমরা যাদের ভালোবাসি, তাদের চলে যাওয়া আমাদের হৃদয়ে শূন্যতা তৈরি করে। কিন্তু এই শূন্যতা আমাদের ভালোবাসার গভীরতা বাড়িয়ে তোলে। মৃত্যু আমাদের শেখায় মুল্য দিতে, কৃতজ্ঞতা প্রকাশ করতে, ও জীবনকে হালকাভাবে না নিতে।
একজন মানুষের মৃত্যুর পর আমরা তার সম্পর্কে যা বলি, সেটিই প্রকৃত জীবনবৃত্তান্ত। তার ব্যবহার, তার কথাবার্তা, তার অবদান, তার ভালোবাসা—এইসবই থেকে যায়। মৃত্যুর মধ্য দিয়েই একটি জীবনের আসল পরিচয় নির্ধারিত হয়। তাই মৃত্যু আমাদের সামনে একটি আয়না ধরে, যেখানে আমরা নিজেদের জীবনকে বিচার করতে পারি।
অনেক সময় দেখা যায়, কেউ কেউ অল্প বয়সে পৃথিবী ছাড়েন। আমরা বলি, “তার জীবন তো অপূর্ণ থেকে গেল।” কিন্তু সত্যি কি তা অপূর্ণ? জীবনের পরিমাপে নয়, গুণমানে জীবনের পরিপূর্ণতা। কোনো কোনো মানুষ অল্প সময়েই এমন কিছু করে যান, যা শত বছরের চেয়েও বেশি দাগ রেখে যায় মানবতার বুকে।
ইসলামী শিক্ষায় বলা হয়, মৃত্যুর পরও তিনটি কাজ মানুষের জন্য সওয়াব বয়ে আনে—১. সদকায়ে জারিয়া, ২. উপকারি জ্ঞান, ৩. নেক সন্তান যে দোয়া করে। এর মানে হলো, জীবন শেষ হলেও, কর্মের রেশ থেকে যায়। মৃত্যু আমাদের দেহ থামিয়ে দেয়, কিন্তু ভালো কর্ম আমাদের নাম অমর করে রাখে।
আধুনিক মনোবিজ্ঞানও মৃত্যুকে এক ধরনের মানসিক প্রস্তুতির বিষয় হিসেবে দেখে। কেউ যদি মৃত্যু সম্পর্কে সচেতন থাকে, সে জীবনের ছোট ছোট মুহূর্তকে উপভোগ করতে শেখে। এই উপলব্ধি তাকে বিনয়ী করে, সহানুভূতিশীল করে এবং সময়ের প্রতি যত্নশীল করে তোলে।
মৃত্যু মানেই শেষ নয়—এই বিশ্বাসই মানুষকে সাহসী করে তোলে। প্রিয়জন হারানোর কষ্ট কখনোই সহজ নয়, কিন্তু বিশ্বাস, দোয়া, স্মৃতি আর সময় আমাদের ধীরে ধীরে সেই ক্ষত সহ্য করতে শেখায়। জীবন চলে, তবে তার ছাপ রেখে যায়।
শেষ কথা হলো, জীবন এবং মৃত্যু আলাদা কিছু নয়। মৃত্যু যেন জীবনের গভীরতা মাপার এক বিশেষ মাপকাঠি। যারা জীবনের গভীরতা বুঝেছেন, তারা মৃত্যুকেও ভয় পান না। কারণ তারা জানেন, যে জীবন সার্থক হয়েছে, তার মৃত্যু কখনোই অপূর্ণ হতে পারে না।
তাই আসুন, জীবনকে বুঝে, সচেতনভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে বাঁচি। যেন যখন মৃত্যু আসে, আমরা বলতে পারি, “আমি বেঁচেছিলাম সত্যিকারভাবে। আমার চলে যাওয়ায় কেউ শুধু দুঃখ নয়, ভালোবাসা ও প্রেরণাও পাবে।”
0 মন্তব্যসমূহ